ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভাইস-চ্যান্সেলর (উপাচার্য) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান। এর আগে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলরের পদ হতে অব্যাহতি প্রদানপূর্বক ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬ এর ১১(১) ধারা অনুযায়ী অধ্যাপক মো. লুৎফর রহমানকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নিয়োগের ক্ষেত্রে বেশ কয়েকটি শর্তের কথা উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। শর্ত অনুযায়ী, উপাচার্য পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যা পূর্বে ঘটে, সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন। এই পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্ত হবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।