কবি নজরুল সরকারি কলেজে এক কর্মচারীকে বেধড়ক মারধরের অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সুষ্ঠু তদন্তে দুই সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে কলেজ শাখা ছাত্রদল।
বুধবার (৩০ সেপ্টেম্বর) কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ও দপ্তর সম্পাদক মো. জামাল খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ সেপ্টেম্বর কলেজে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ উঠেছে, তার যথাযথ তদন্তের জন্য কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কে এম সিরাজুল ইসলাম ও যুগ্ম-আহ্বায়ক কামরুল ইসলাম কাননের নেতৃত্বে ২ (দুই) সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো। আগামী ৩ অক্টোবর (শনিবার) সন্ধ্যা ৬টার মধ্যে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য কমিটিকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম ও সদস্যসচিব মো. নাজমুল হাসান এই তদন্তের নির্দেশনা প্রদান করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসের নতুন ভবনের পাশে কলেজের সহকারী ইলেকট্রিশিয়ান আমান উল্লাহ আমানকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রোমান আহমেদ ও তার অনুসারীদের বিরুদ্ধে।
গত রবিবার (২৭ সেপ্টেম্বর) নবীনবরণ অনুষ্ঠানের দিন ক্যাম্পাসের ভেতরে ‘উচ্ছ্বাস কোচিং সেন্টার’-এর একটি ব্যানার টাঙানো নিয়ে এ ঘটনার সূত্রপাত হয়। অধ্যক্ষের নির্দেশে আমান উল্লাহ ব্যানারটি সরাতে গেলে রোমান আহমেদ তাকে ফোনে হুমকি দেন বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ওই ঘটনার জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় রোমান আহমেদের নেতৃত্বে তার অনুসারী যুগ্ম-আহ্বায়ক সুজন দাস ও সাবেক ছাত্রদল নেতা আজাদ তাকে কলেজের গেটে ডেকে নিয়ে কিল, ঘুষি ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান সহকর্মীরা।
ঘটনার পর ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম জানিয়েছিলেন, অভিযোগ পেলে ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সেই ধারাবাহিকতায় এবার এই তদন্ত কমিটি গঠন করল সংগঠনটি।