ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. কামরুল ইসলাম কাননের নেতৃত্বে ক্যাম্পাস ও বাহাদুর শাহ পার্ক এলাকায় ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাস এবং বাহাদুর শাহ পার্ক এলাকায় অবস্থানরত শিক্ষার্থী, অভিভাবক ও পথচারীদের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতাবিষয়ক লিফলেট বিতরণের পাশাপাশি ডেঙ্গুর লক্ষণ, মশার বংশবিস্তার রোধ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে শিক্ষার্থী, অভিভাবক ও পথচারীদের সচেতন করা হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়।
এ বিষয়ে কবি নজরুল কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. কামরুল ইসলাম কানন বলেন, ‘ডেঙ্গু যাতে মহামারি আকার ধারণ করতে না পারে, সে লক্ষ্যে আমরা কবি নজরুল কলেজ ও বাহাদুর শাহ পার্ক এলাকায় শিক্ষার্থী, অভিভাবক ও পথচারীদের মাঝে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছি।’
তিনি আরও বলেন, ‘সবাই যেন বাসাবাড়ি ও আশপাশের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন এবং কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে আমরা সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করেছি।’