শিক্ষা মুক্তিযুদ্ধ সৃজনশক্তি

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি

Kabi Nazrul Govt. College Journalist Association (KNGCJA)

সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: কবি নজরুল কলেজ ছাত্রলীগ নেতা ফয়সাল ৫ দিনের রিমান্ডে

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কবি নজরুল সরকারি কলেজ শাখার সাবেক উপ-সম্পাদক মো. ফয়সালকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তার সঙ্গে সুকুমার হাওলাদার নামের আরও এক সহযোগীকেও রিমান্ডে পাঠানো হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে এ রিমান্ড আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, এদিন কারাগার থেকে অভিযুক্ত ফয়সাল ও সুকুমারকে আদালতে হাজির করা হয়। পরে রাজধানীর সূত্রাপুর থানায় করা বিস্ফোরক আইনের মামলায় তাঁদের সাতদিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ আসামিদের রিমান্ডের পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আসামিদের পাঁচদিন করে রিমান্ডের আদেশ দেন।

এর আগে, গত ১০ নভেম্বর তাদের এই মামলায় কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে ১১ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অনুপম দাস তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন করেছিলেন। ওই আবেদনের শুনানির জন্যই আদালত আজ (১৬ নভেম্বর) দিন ধার্য করেছিলেন।

Scroll to Top