বিশ্ববিদ্যালয় জীবনে ইতিবাচক ও নেতিবাচক নানা বিষয় সামনে আসবে উল্লেখ করে নবীন শিক্ষার্থীদের খারাপ জিনিসকে ‘না’ বলতে এবং পড়াশোনায় মনোযোগী হয়ে নিজেদের দেশপ্রেমিক ও সৎ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে নবীন বরণ-২০২৬ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে ইশরাক হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় জীবন মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এ সময় বৃহত্তর পরিসরে জীবনকে দেখার সুযোগ তৈরি হয়। আগামী দিনের ক্যারিয়ার গড়তে প্রয়োজনীয় শিক্ষা গ্রহণের পাশাপাশি নিজেদের দেশপ্রেমিক ও সৎ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এ সময়টিকে কাজে লাগাতে হবে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে ইতিবাচক অনেক বিষয় থাকে, আবার নেতিবাচক অনেক বিষয়ও সামনে আসে। কোনটি গ্রহণ করবেন, সেই সিদ্ধান্ত শিক্ষার্থীদের নিজেদের নিতে হবে। খারাপ জিনিসকে ‘না’ বলতে শিখতে হবে এবং ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে প্রয়োজনীয় পরিশ্রম করতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় পরিবারের কাছ থেকে আলাদা থাকার কারণে ব্যক্তিগত স্বাধীনতা ও নিজের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ অনেক বেড়ে যায়। এ ক্ষেত্রে কোন বিষয়কে ‘হ্যাঁ’ এবং কোন বিষয়কে ‘না’ বলতে হবে, সেটি শিক্ষার্থীদের নিজেদেরই সিদ্ধান্ত নিতে হবে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার নিজের অভিজ্ঞতা এবং আশপাশের মানুষের অভিজ্ঞতার আলোকে তিনি নবীন শিক্ষার্থীদের এসব পরামর্শ দেন।