ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কবি নজরুল সরকারি কলেজে প্রতিটি বিভাগে পৃথকভাবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেয় নিজ নিজ বিভাগ।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই নতুন শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নিজ নিজ বিভাগের শ্রেণিকক্ষ ও মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নবীনদের ফুল ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে অভ্যর্থনা জানান শিক্ষক ও জ্যেষ্ঠ শিক্ষার্থীরা।
বিভাগীয় প্রধানদের সভাপতিত্বে আয়োজিত পৃথক এসব নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাক। এছাড়াও শিক্ষক পরিষদের সম্পাদক আল মাহমুদ, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান নবাগত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, ‘কবি নজরুল সরকারি কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। আমি আশা করি, তোমাদের মেধা, মনন ও কর্মের মাধ্যমে এ প্রতিষ্ঠানের সুনাম আরও বৃদ্ধি পাবে। পড়ালেখার পাশাপাশি সৎ, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে তোমাদের নিজেদের গড়ে তুলতে হবে।’
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাচ ও গানের মধ্য দিয়ে পুরো ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়ে নবীনদের প্রাণোচ্ছ্বাস।