শিক্ষা মুক্তিযুদ্ধ সৃজনশক্তি

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি

Kabi Nazrul Govt. College Journalist Association (KNGCJA)

সংযুক্ত ৭ কলেজের সব একাডেমিক কার্যক্রমে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ লেখার নির্দেশ

রাজধানীর সংযুক্ত সাতটি সরকারি কলেজের একাডেমিক কার্যক্রম, পরীক্ষা, রুটিন, ফলাফল ও শিক্ষার্থী-সংক্রান্ত সব ধরণের বিজ্ঞপ্তি ও দাপ্তরিক চিঠিপত্রে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম উল্লেখ করার আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়েছে। 

সোমবার (২২ জুন) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার অফিস থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬-এর ধারা ৪(৩) অনুসারে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ এই বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত কলেজ হিসেবে গণ্য।

উক্ত আইনের ধারা অনুযায়ী সংযুক্ত কলেজগুলোর পাঠদান, পাঠ্যক্রম, পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন, একাডেমিক মান সংরক্ষণ এবং সনদ প্রদানসহ যাবতীয় একাডেমিক কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণের ক্ষমতাপ্রাপ্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এছাড়া আইনের ধারা অনুযায়ী প্রতিটি কলেজ কর্তৃক বিশ্ববিদ্যালয়ের বিধি ও প্রবিধান মেনে চলার আইনি বাধ্যবাধকতা রয়েছে। 

এতে আরও উল্লেখ করা হয়, আইনের ৫৯(৪) ধারা অনুযায়ী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটির নির্ধারিত শিক্ষা কাঠামো ও কারিকুলামের আওতায় একাডেমিক কার্যক্রম সম্পন্ন হওয়া সাপেক্ষে ডিগ্রি ও সনদ প্রাপ্তির বিষয়টি স্বীকৃত।

ফলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ এবং পরবর্তী সংশ্লিষ্ট সকল একাডেমিক কার্যক্রম, পরীক্ষা, বিজ্ঞপ্তি, রুটিন, ফলাফল, ট্রান্সক্রিপ্ট, চিঠিপত্র এবং ওয়েবসাইটে প্রকাশিতব্য তথ্যে কলেজের নামের সঙ্গে “ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি” উল্লেখ করতে হবে (যেমন: “ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি” সংযুক্ত: সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা)। 

প্রজ্ঞাপনে সংযুক্ত কলেজসমূহের অধ্যক্ষ, বিভাগীয় প্রধান, পরীক্ষা কমিটি এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে এই নির্দেশনা যথাযথভাবে অনুসরণ ও বাস্তবায়ন নিশ্চিত করার নির্দেশ প্রদান করা হয়েছে।

Scroll to Top