শিক্ষা মুক্তিযুদ্ধ সৃজনশক্তি

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি

Kabi Nazrul Govt. College Journalist Association (KNGCJA)

কবি নজরুল কলেজের হলের খাবারে তেলাপোকা, শিক্ষার্থীদের ক্ষোভ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কবি নজরুল সরকারি কলেজের একমাত্র ছাত্রাবাস শহীদ শামসুল আলম হলের ডাইনিংয়ের খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগ উঠেছে। খাবার খাওয়ার সময় তরকারিতে তেলাপোকা দেখতে পেয়ে একাধিক শিক্ষার্থী বমি করে ফেলেন। এ ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন আবাসিক শিক্ষার্থীরা।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে হলের ডাইনিংয়ে খাবার খাচ্ছিলেন শিক্ষার্থীরা। অর্ধেক খাবার খাওয়ার পর হঠাৎ প্লেটে মাছের তরকারিতে তেলাপোকা দেখতে পান তারা। এমন অস্বস্তিকর দৃশ্য দেখে সাথে সাথেই বমি করে দেন একাধিক ভুক্তভোগী শিক্ষার্থী।

শিক্ষার্থীদের অভিযোগ, হলের খাবারে মানহীন উপাদান ব্যবহারের পাশাপাশি চরম অস্বাস্থ্যকর পরিবেশে তা রান্না ও পরিবেশন করা হচ্ছে। দীর্ঘদিন ধরে ডাইনিং ও ক্যান্টিনের খাবারে মাছি, পোকা কিংবা বাসি খাবার পাওয়ার মতো ঘটনা ঘটলেও কলেজ প্রশাসন ও হল কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে। হল ও ডাইনিং ব্যবস্থাপনায় প্রশাসনের এমন উদাসীন ও খামখেয়ালী ভূমিকার তীব্র সমালোচনা করেন তারা।

বারবার লিখিত ও মৌখিক অভিযোগ জানানো সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি শিক্ষার্থীদের। স্বাস্থ্যঝুঁকি এড়াতে অবিলম্বে হলের সার্বিক পরিস্থিতি তদারকি, পরিচ্ছন্নতা নিশ্চিত এবং স্থায়ী সমাধানের জোর দাবি জানিয়েছেন তারা।

ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী শিক্ষার্থী তারেক রহমান বলেন, ‘আজ (বৃহস্পতিবার) দুপুরে খাওয়ার মাঝপথে মাছের তরকারিতে তেলাপোকা ভাসতে দেখি। দৃশ্যটি দেখে তীব্র ঘৃণায় আমি সেখানেই বমি করে ফেলি। আমার মতো অন্তত তিনজন শিক্ষার্থী নিজেদের খাবারে তেলাপোকা পেয়েছেন।’

তিনি আরও বলেন, ‘হলের ডাইনিংয়ের খাবার অত্যন্ত নিম্নমানের এবং পরিবেশ অপরিচ্ছন্ন। রান্নায় প্রায়ই বুয়ার(খালা) চুল পাওয়া যায়, এমনকি হলের পানির ট্যাংকিও নিয়মিত পরিষ্কার করা হয় না। এ বিষয়ে রান্নার দায়িত্বে থাকা কর্মীদের জানালেও তারা কোনো ব্যবস্থা নেন না।’

শহীদ শামসুল আলম ছাত্রাবাসের আরেক আবাসিক শিক্ষার্থী নাইমুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কলেজ ডাইনিং ও ক্যান্টিনে চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করা হচ্ছে। এই নিম্নমানের খাবার খেয়ে সাধারণ শিক্ষার্থীরা প্রতিনিয়ত বদহজম ও ডায়রিয়ার মতো স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। ডাইনিং বা ক্যান্টিনের রান্নার দায়িত্বে থাকা বাবুর্চি ও সহকারীদের অবিলম্বে পরিবর্তন করা প্রয়োজন।’

Scroll to Top