শিক্ষা মুক্তিযুদ্ধ সৃজনশক্তি

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি

Kabi Nazrul Govt. College Journalist Association (KNGCJA)

কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণে ছাত্রদল নেতা ও কর্মচারী আহত

রাজধানীর পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কলেজের এক ছাত্রদল নেতা ও কর্মচারী।

রবিবার (২২ নভেম্বর) বিকেল ৫টার দিকে কলেজের ফটকের সামনে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত শিক্ষার্থীর নাম রিমন আলী। তিনি কলেজের ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। অপর আহত ব্যক্তি হলেন কলেজের কর্মচারী (মালি) জাহাঙ্গীর ইসলাম।

জানা গেছে, ককটেল বিস্ফোরণের ঘটনায় কর্মচারী জাহাঙ্গীর ইসলাম মাথা ও চোখে গুরুতর আঘাত পান। অন্যদিকে, ছাত্রদল নেতা রিমন আলী পায়ে আঘাতপ্রাপ্ত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কবি নজরুল কলেজের শিক্ষার্থী শরীফ হোসেন বলেন, ককটেল বিস্ফোরণের সময় আমি পাশেই বন্ধুদের সঙ্গে কথা বলছিলাম। তখন আমাদের কলেজের কর্মচারী সুজন মামা এবং ভেতর থেকে আরও একজন এসে মূল ফটকের সামনে দাঁড়ান। ঠিক তখনই একটি ককটেল বিস্ফোরিত হয়। প্রথমে আমরা ভেবেছিলাম, কোনো গাড়ির চাকা ফেটে গেছে।

তিনি আরও বলেন, কিন্তু দ্বিতীয়বার আরেকটি ককটেল বিস্ফোরিত হওয়ার পর বিষয়টি বুঝতে পারি। এসময় আমাদের কলেজের একজন শিক্ষার্থী ও একজন কর্মচারী আহত হয়েছেন।

আহত জাহাঙ্গীরের বড় ভাই আলমগীর হোসেন জানান, সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে সূত্রাপুর থানা এলাকার কবি নজরুল সরকারি কলেজের গেটের সামনে দারোয়ানের সঙ্গে কথা বলছিলেন জাহাঙ্গীর। এ সময় কয়েকজন দুষ্কৃতকারী ককটেল ছুড়ে মারলে সেটি বিস্ফোরিত হয়ে জাহাঙ্গীর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। তিনি চোখে ও মাথায় আঘাত পেয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে কবি নজরুল কলেজ ছাত্রদলের আহবায়ক ইরফান আহমদ ফাহিম বলেন, নিষিদ্ধ সংগঠনের যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার এবং যেকোনো মুহূর্তেই আমরা তা প্রতিরোধ করতে প্রস্তুত থাকি।

তিনি আরও বলেন, পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে কোন শিক্ষার্থীদের প্রবেশের সুযোগ নেই। প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা চলাকালে এরা গুপ্তভাবে ক্যাম্পাসে এসে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। ভবিষ্যতে আমরা আরো বেশি সতর্ক থাকবো এবং যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, আমরা এখনও ঘটনার বিস্তারিত জানতে পারিনি। বিভিন্নভাবে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি।

Scroll to Top