কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে কবি নজরুল সরকারি কলেজে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. বাইজীদ হোসেন সা’দের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শিরিন সুলতানা, কলেজ ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হাসান, যুগ্ম আহ্বায়ক কে এম সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমেদ রিপন, কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি আদনান সামী ও ইসলামী ছাত্র আন্দোলনের প্রশিক্ষণ সম্পাদক শেখ মাহের আল জিহাদ।
এ সময় সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রেজা, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব শেখ, সহ-অর্থ সম্পাদক শাওন মিয়া, পাঠাগার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ফয়সাল হোসেন ও আব্দুল মজিদ, সদস্য ওবায়দুল হক, মো. ইয়াসিন আরাফাত, জাহিদুল আলম এবং সহযোগী সদস্য আনিকা সিকদার ও রুবাইয়া আমরিনসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রেজা বলেন, ‘গণমাধ্যম হচ্ছে জাতির বিবেক। গণমাধ্যম সর্বদা সত্য তুলে ধরে এবং এনপিবি তারই ধারাবাহিকতা বজায় রেখে গত ১ বছর ধরে কাজ করে যাচ্ছে।’
কলেজ সাংবাদিক সমিতির দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব শেখ বলেন, ‘একটি সংবাদ মাধ্যমের এক বছর পূর্তি খুব বেশি দীর্ঘ সময় নয়। তবে এই এক বছরের মধ্যে তারা কতটা মানুষের আস্থা অর্জন করতে পেরেছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এনপিবি এক বছরেরই অনেক মানুষের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে।’
কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি মো. আদনান সামী বলেন, ‘আমরা অনেক সময় দেখি সংবাদমাধ্যম ক্ষমতাসীন দলের পক্ষে কথা বলে। তবে সংবাদমাধ্যমের উচিত সব সময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করা এবং নিরপেক্ষভাবে তুলে ধরা।’

কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. নাজমুল হাসান বলেন, ‘আপনারা সবার আগে বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে সততার সাথে দেশের জন্য কাজ করবেন এবং সংবাদ আমাদের বিরুদ্ধে গেলেও আপনারা সততা বজায় রাখবেন।’
আলোচনা সভায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শিরিন সুলতানা বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। সাংবাদিকতার পেছনে নানাবিধ ঝুঁকি থাকলেও তোমাদের সর্বদা সত্যের পক্ষে থাকতে হবে। হলুদ সাংবাদিক হওয়া যাবে না। পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতায় যুক্ত থাকায় প্রশংসা করেন এবং সর্বদা সততার সাথে থাকার আহ্বান জানান।’
কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. বাইজীদ হোসেন সা’দ বলেন, এক বছরে এনপিবি বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। সংবাদ মাধ্যমের মূল শক্তি হচ্ছে মানুষের বিশ্বাস। সেই বিশ্বাস অটুট রেখে দেশ ও মানুষের কল্যাণে এনপিবি আরও বহুদূর এগিয়ে যাবে বলে প্রত্যাশা করি।
কবি নজরুল কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ‘এনপিবি এক বছরেই সফল। আমি অনলাইনে গেলেই এনপিবি -এর নিউজ দেখতে পাই। পড়ালেখার পাশাপাশি এ ধরনের সহশিক্ষামূলক সংগঠনে যুক্ত থাকা অত্যন্ত প্রশংসনীয়। এনপিবি -এর জয় হোক।’
আলোচনা সভা শেষে কেক কেটে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন করা হয়। এসময় এনপিবি নিউজের কবি নজরুল সরকারি কলেজ প্রতিনিধি মো. ইয়াসিন আরাফাত সকলের সহযোগিতা কামনা করেন।