ভোক্তা অধিকার সচেতনতায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন কনজিউমারস ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)-এর কবি নজরুল সরকারি কলেজ শাখার উদ্যোগে ক্যাম্পাসে এক সচেতনতামূলক খাদ্য পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় কবি নজরুল কলেজ প্রাঙ্গণে এই কার্যক্রম পরিচালিত হয়।

কার্যক্রম শুরুর পূর্বে সিওয়াইবি (CYB) কবি নজরুল কলেজ শাখার সভাপতি আর এস রাসেল সদস্যদের উদ্দেশে বলেন, ‘শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবেই আমাদের আজকের এই সচেতনতামূলক কার্যক্রম। ক্যাম্পাস ক্যান্টিন থেকে শুরু করে পরবর্তীতে ক্যাম্পাসের সামনের দোকানগুলোর খাবারের মান পরীক্ষা করা এবং এ বিষয়ে সবাইকে সচেতন করাই আমাদের এই অভিযানের মূল লক্ষ্য। আমরা সবাইকে সচেতন করার এবং বোঝানোর চেষ্টা করব।’
পরিদর্শনের সময় সংগঠনের সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে ল্যাটেক্স গ্লাভস ও হেয়ার নেট ক্যাপ পরিধান করেন। ক্যাম্পাস ক্যান্টিন থেকে এই পরিদর্শন কার্যক্রম শুরু হয়। সেখানে সিওয়াইবির সদস্যরা প্যাকেটজাত খাদ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ পরীক্ষা করেন। পাশাপাশি ক্যান্টিন প্রতিদিন নিয়মিত পরিষ্কার করা হচ্ছে কি না এবং কোনো বাসি খাবার রয়েছে কি না, তা পর্যবেক্ষণ করে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন করেন।
ক্যান্টিন পরিদর্শন শেষে সংগঠনের সদস্যরা কলেজ প্রাঙ্গণের সামনের ফুটপাতের খাবারের দোকানগুলোও পরিদর্শন করেন। এ সময় তারা বিক্রেতাদের বিভিন্ন ভুলত্রুটি চিহ্নিত করে দেন এবং নিরাপদ খাদ্য নিশ্চিতে তাদের সচেতন করেন।