শিক্ষা মুক্তিযুদ্ধ সৃজনশক্তি

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি

Kabi Nazrul Govt. College Journalist Association (KNGCJA)

কবি নজরুল কলেজে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ শুরু হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৩টায় কলেজ প্রাঙ্গণে আকাশে চারটি পায়রা উড়িয়ে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ। প্রতিযোগিতাটির সার্বিক আয়োজনে ছিলেন কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব মো. নাজমুল হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাক। এ ছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্পাদক আল মাহমুদ ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. শরিফুল আলম।

অনুষ্ঠানে কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন রিন্টু, বর্তমান সভাপতি ইরফান আহমেদ ফাহিমসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজনের বিষয়ে ছাত্রদলের সদস্যসচিব মো. নাজমুল হাসান বলেন, ‘আমাদের যুবসমাজকে মাদক ও সন্ত্রাসবাদ থেকে দূরে রাখতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। বিগত ১৭ বছর তিনি স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াই করে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়েছেন। তাঁর এই অবদানকে স্মরণীয় করে রাখতে এবং তরুণ প্রজন্মকে পড়াশোনা ও খেলাধুলায় মনোযোগী করে এক সুস্থ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।’

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘যাঁরা এই টুর্নামেন্টের আয়োজন করেছেন, তাঁদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ফুটবল আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় একটি খেলা, আমরা নিজেরাও একসময় খেলেছি। আর যাঁর নামে এই খেলার আয়োজন করা হয়েছে, তিনি দেশের অন্যতম জনপ্রিয় নেত্রী; দেশের জন্য তাঁর যে ত্যাগ, তা সত্যিই অতুলনীয়। খেলোয়াড়দের প্রতি আমার আহ্বান— তোমরা খেলার মাঠে এমন কোনো আচরণ করবে না, যাতে তাঁর আদর্শ ও চেতনা ক্ষুণ্ন হয়। আমি এই আয়োজনের সর্বাঙ্গীণ সাফল্য ও খেলোয়াড়দের সুস্বাস্থ্য কামনা করছি।’

Scroll to Top