রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ভিডিও ধারণ করার সময় পেশাগত দায়িত্ব পালনরত দুই সাংবাদিকের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।
এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি (কনকসাস)।
বুধবার (১৫ এপ্রিল) কনকসাসের সাধারণ সম্পাদক মো. বাইজীদ হোসেন সা’দ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা ও শাস্তির দাবি জানানো হয়। হামলায় গুরুতর আহত দুই সাংবাদিক হলেন দ্য ডেইলি ক্যাম্পাস-এর প্রতিনিধি ও কনকসাসের দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব শেখ এবং সোনালী নিউজের ক্যাম্পাস প্রতিনিধি ওবায়দুল হক।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গলবার রাতে ছাত্রদল আয়োজিত বৈশাখী কনসার্টে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম ও সদস্য সচিব নাজমুল হাসানের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করে বুধবার বেলা ১২টায় কলেজে আবারও দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে ওই দুই সাংবাদিক সংঘর্ষের ভিডিও ধারণ করছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রকি, ইভান সাব্বির এবং কর্মী উজ্জ্বল, জীবন, মাশরাফি ও সাইফসহ বেশ কয়েকজন নেতাকর্মী তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং বেধড়ক মারধর করে।
পরবর্তীতে আহত অবস্থায় ওই দুই সাংবাদিককে উদ্ধার করে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে কনকসাসের সভাপতি মো. আতিক হাসান শুভ ও সাধারণ সম্পাদক মো. বাইজীদ হোসেন সা’দ এক যৌথ বিবৃতিতে বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা মুক্ত গণমাধ্যম চর্চার জন্য মারাত্মক হুমকি। এ ধরনের ঘটনা একটি শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে। এছাড়া সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ড ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার অন্তরায়।’
নেতৃবৃন্দ অবিলম্বে এই হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।