দ্রোহ, প্রেম ও সাম্যের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি (কনকসাস)।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মো. আতিক হাসান শুভ ও সাধারণ সম্পাদক মো. বাইজীদ হোসেন সা’দের নেতৃত্বে ক্যাম্পাসে অবস্থিত জাতীয় কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান সমিতির নেতৃবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ শেষে কাজী নজরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সাধারণ সম্পাদক মো. বাইজীদ হোসেন সা’দ বলেন, ‘কাজী নজরুল ইসলাম শুধু একজন কবিই ছিলেন না, তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক নির্ভীক কণ্ঠস্বর। তাঁর ক্ষুরধার লেখনী ও আদর্শ যুগে যুগে সাংবাদিকদের সত্য প্রকাশে সাহস জোগায়।’
কনকসাসের সভাপতি মো. আতিক হাসান শুভ বলেন, ‘জাতীয় কবির নামাঙ্কিত এই ঐতিহাসিক বিদ্যাপীঠের সাংবাদিক হিসেবে আমরা তাঁর আদর্শকে বুকে ধারণ করি। ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার আদায় এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে কনকসাস সর্বদা নজরুলের মতোই আপসহীন ভূমিকা পালন করবে।’
এ সময় কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব শেখ, সহ-অর্থ সম্পাদক মো. শাওন মিয়া, কার্যনির্বাহী সদস্য আব্দুল মজিদ এবং সদস্য আমির হোসেন সবুজ উপস্থিত ছিলেন।