ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) উপাচার্যবিরোধী আন্দোলনের সংবাদ প্রচারকে কেন্দ্র করে সাংবাদিকদের পুলিশি হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি (কনকসাস)।
মঙ্গলবার (২৩ জুন) সমিতির দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব শেখ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদমাধ্যমে পাঠানো ওই যৌথ বিবৃতিতে কনকসাসের সভাপতি মো. আতিক হাসান শুভ এবং সাধারণ সম্পাদক মো. বাইজীদ হোসেন সা’দ এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, গণমাধ্যম সূত্রে জানা গেছে—পাবলিকিয়ান টুডে’র ডুয়েট প্রতিনিধি ও ডুয়েট সাংবাদিক সমিতির সভাপতি মাহতাব হোসেন এবং দ্য ডেইলি ক্যাম্পাস’র ডুয়েট প্রতিনিধি ও সমিতির দপ্তর সম্পাদক আসিফ ইকবাল পুলিশি হয়রানির শিকার হয়েছেন। ভিসিবিরোধী আন্দোলন চলাকালে পুলিশ কর্তৃক ডুয়েট সাংবাদিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে প্রচ্ছন্ন হুমকির মাধ্যমে হয়রানি করা হয়েছে। এছাড়াও তথ্য সংগ্রহের দোহাই দিয়ে ডুয়েট সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক আসিফ ইকবালের বাড়িতে গিয়ে তাকে হয়রানি করার বিষয়ও জানা গেছে।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কনকসাসের নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর বলপ্রয়োগ ও হয়রানি স্বাধীন সাংবাদিকতা এবং মুক্ত গণমাধ্যম চর্চার ওপর সরাসরি আঘাত। এ ধরনের ঘটনা শুধু গণমাধ্যমের স্বাধীনতাই নয়, বরং জনগণের জানার অধিকারকে চরমভাবে ক্ষুণ্ন করে।
ভয়ভীতি প্রদর্শন করে সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না উল্লেখ করে কনকসাস নেতৃবৃন্দ ডুয়েট সাংবাদিকদের হয়রানির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। একইসঙ্গে সাংবাদিকদের যথাযথ নিরাপত্তা এবং ভবিষ্যতে ভয়মুক্ত পরিবেশে কাজ করার অধিকার নিশ্চিত করার আহ্বান জানান তারা।