শিক্ষা মুক্তিযুদ্ধ সৃজনশক্তি

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি

Kabi Nazrul Govt. College Journalist Association (KNGCJA)

কবি নজরুল কলেজে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

কবি নজরুল কলেজে ঈদ ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় কলেজের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কবি নজরুল সরকারি কলেজের ‘পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটি’র আহ্বায়ক অধ্যাপক ড. মো. ফরিদ আহমদ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক আবদুর রাজ্জাক এবং শিক্ষক পরিষদের সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন কলেজের আরবি ও ইসলামি শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহা. আতাউর রহমান।

এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘রাসূলুল্লাহ (সা.)-এর জীবনের প্রতিটি দিক আমাদের জন্য পরম অনুসরণীয়। তাঁর ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবন থেকে আমরা সংযম, শৃঙ্খলা, মানবিকতা ও সুন্দর আচরণের শিক্ষা পাই। আমরা যদি মহানবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তবে সমাজ থেকে হানাহানি, বিদ্বেষ ও বিভেদ দূর হয়ে স্থায়ী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে।’

এ সময় সুন্দর ও সফল আয়োজনের জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

আলোচনা সভা শেষে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পরে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য এবং দেশের সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে কোরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Scroll to Top